নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা শেষে সন্তুষ্ট নয় বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দেননি, বরং ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা স্পষ্ট করে বলেছি—ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। তা না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।”
বেলা ১২টার দিকে যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল। আলোচনায় অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপি বারবার বলে আসছে, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় তারা, এবং সময়সীমা নির্ধারণ এ আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় ছিল।






