নির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে শপথ গ্রহণের সুযোগ না দেওয়ায় বিক্ষুব্ধ সমর্থকরা শনিবার (১৭ মে) সচিবালয় অভিমুখে লংমার্চের উদ্যোগ নেন, তবে পুলিশের বাধায় তা ব্যাহত হয়।
দুপুর ১২টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে থেকে লংমার্চটি শুরু হয়। মিছিলটি গুলিস্তান, জিরো পয়েন্ট ও পল্টন হয়ে প্রেসক্লাব পেরিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়। বাধা পেয়ে মিছিলকারীরা পুনরায় নগর ভবনের সামনে ফিরে আসে।
বিক্ষোভকারীরা এ সময় নানা স্লোগান দেন—‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনও মেয়র নাই’। তাদের অভিযোগ, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশিত হওয়ার পরও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
এদিন নগর ভবনের সব গেট বন্ধ করে সাধারণ কর্মচারীরাও বিক্ষোভে যোগ দেন, ফলে ডিএসসিসির প্রধান কার্যালয়ের কার্যক্রম সম্পূর্ণ অচল হয়ে পড়ে।
প্রসঙ্গত, গতকাল ইশরাক সমর্থকরা নগর ভবন থেকে সচিবালয় পর্যন্ত লংমার্চের ঘোষণা দিয়েছিলেন। আজ ছিল আন্দোলনের তৃতীয় দিন, যেখানে ভোর থেকেই অবস্থান কর্মসূচি পালন করে পরে লংমার্চ শুরু হয়।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, শপথ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।






